সারা দেশে গরু জবাই নিষিদ্ধ করার দাবি জানালেন রামদেব
(রেডিও তেহরান): ভারত জুড়ে গরু জবাই নিষিদ্ধ করার দাবি জানালেন যোগগুরু নামে পরিচিত বাবা রামদেব।
তিনি (মঙ্গলবার) প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির উদ্দেশ্যে এই দাবি জানিয়েছেন।
রামদেব আজ এক সাংবাদ সম্মেলনে বলেন,‘যদি
উত্তর প্রদেশে গরু জবাই সংক্রান্ত আইন তৈরি করে তা পালন করা হয়, তাহলে
প্রধানমন্ত্রীর উচিত তা সারা দেশে চালু করা। গরুর গোশত নিয়ে একপ্রকার
ক্ষুদ্র রাজনীতি করা হচ্ছে, এটা বন্ধ করা প্রয়োজন।’
রামদেব বলেন, ‘লালুপ্রসাদ যাদব গরুর গোশত নিয়ে আপত্তিকর বিবৃতি দিয়েছেন। এ ধরণের বিবৃতি দিয়ে তিনি যদু বংশকে কলঙ্কিত করেছেন।’
সম্প্রতি, বিহারের সাবেক মুখ্যমন্ত্রী এবং
আরজেডি নেতা লালুপ্রসাদ যাদব মন্তব্য করেন, ‘গরুর গোশত খাওয়ার ইস্যুকে
সাম্প্রদায়িক চেহারা দেয়ার চেষ্টা করছে আরএসএস–বিজেপি। বিদেশে গিয়ে অনেকেই
এমনকি হিন্দুরাও গরুর গোশত খায়।’ পরে অবশ্য বিজেপি’র তীব্র সমালোচনার মুখে
এমন কথা তিনি বলেননি বলে দাবি করেন।
এদিকে, বিজেপি এমপি সাক্ষী মহারাজ আজ
(মঙ্গলবার) গরুকে ‘মা’ উল্লেখ করে বলেছেন, ‘যেরকম আমাদের নিজের মা, সেই
রকম আমাদের ভারত মা এবং গরু মাতাও।’
তিনি বলেন, ‘আমাদের মাকে কেউ অপমান করলে
আমরা বরদাশত করব না। হয় মৃত্যুবরণ করব, না হয় তাকে হত্যা করব। সীমান্তে তো
আমরা এটাই করছি, ভারত মায়ের জন্য হয় মরছি, না হয় মারছি।’
রামদেব বলেন, ‘আমি কোনভাবেই হত্যাকে
সমর্থন করি না। কিন্তু মানুষ যদি আইন হাতে তুলে নেয়, তাহলে তা সরকারের
ব্যর্থতা হবে। আমরা কুরআন এবং ইসলামকে নিয়ে কিছু বলতে পারি না, কারণ তা
তাদের বিশ্বাসের বিষয়। তেমনই গরু, শ্রীরাম আমাদের বিশ্বাসের প্রশ্ন।’
অন্যদিকে, বিহার বিধানসভা নির্বাচনে গরু
জবাই ইস্যু হয়ে উঠেছে। বিহারের বিজেপি নেতা সুশীল কুমার মোদি ঘোষণা
করেছেন, ‘বিহারে বিজেপি ক্ষমতায় এলে গরু জবাই বন্ধ করে দেবে। এবার
রাজ্যবাসী বেছে নিক, তারা কাদের ভোট দেবে, গো-রক্ষাকারীদের, না কি
গো-হত্যাকারীদের?’
এ নিয়ে বিহারে ক্ষমতাসীন জেডিইউয়ের
মন্তব্য,‘বিহারে উন্নয়ন মানেই নীতিশ কুমার। তাই খেলা ঘোরাতে
‘হিন্দুত্ববাদ’-এর বস্তাপচা পথেই হাঁটছে বিজেপি।’
কংগ্রেসও থেমে নেই। কংগ্রেস নেতা দিগ্বিজয়
সিং কৃতিত্ব নিয়ে দাবি করে বলেছেন, ‘২২ টি রাজ্যে কংগ্রেসই গরু জবাই বন্ধ
করেছিল।’ এ ভাবে গরু জবাই ইস্যু এখন সর্বভারতীয় স্তরে অন্যতম রাজনৈতিক
ইস্যু হয়ে উঠেছে।#
রেডিও তেহরান/এমএএইচ/জিএআর/৬

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন