বিপ্লব রফতানি করছে ইরান: ইসরাইলি যুদ্ধমন্ত্রী
(রেডিও তেহরান): ইহুদিবাদী ইসরাইলের যুদ্ধমন্ত্রী মোশে ইয়ালুন ৬ বৃহৎ শক্তির সঙ্গে ইরানের সম্ভাব্য পরমাণু চুক্তির ব্যাপারে উদ্বেগ প্রকাশ করে বলেছেন, ইসরাইল ও সুন্নি আরব দেশগুলোর অভিন্ন শত্রু হল ইরান।অভিন্ন শত্রু ইরানের মোকাবেলায় ইসরাইল ও ‘নমনীয়’ বা মডারেট আরব দেশগুলো ঐক্যবদ্ধ হলে অন্য অনেক বিষয়েও আরব-ইসরাইলি সহযোগিতার পথ খুলে যাবে বলে তিনি মন্তব্য করেছেন। মার্কিন দৈনিক ওয়াশিংটন পোস্টে দেয়া এক সাক্ষাৎকারে তিনি এইসব মন্তব্য করেছেন।
ইসরাইলি যুদ্ধমন্ত্রী বলেন, ইরান তার বিপ্লব রফতানি করছে এবং ইয়েমেনে প্রক্সি যুদ্ধ চালাচ্ছে। আফগানিস্তান ও ইরাকে সক্রিয় হয়ে তেহরান এ অঞ্চলে একাধিপত্য প্রতিষ্ঠার চেষ্টা করছে বলে তিনি দাবি করেন।
ইরান ইসরাইলের দখলে থাকা সিরিয়ার মালভূমি গোলানে ‘সন্ত্রাসের নতুন ফ্রন্ট খোলার চেষ্টা করছে’ বলেও ইসরাইলি যুদ্ধমন্ত্রী দাবি করেন।
বাহরাইন, সৌদি আরব ও বিশেষ করে সৌদি আরবের তেল-সমৃদ্ধ দাহরানও ইরানের পরবর্তী টার্গেট বলে তিনি অভিযোগ করেন।
ইয়ালুন বলেন, “ইরান এই সরকারগুলোকে হেয় করতে সক্রিয় রয়েছে। ইরানিরা ইতোমধ্যে হরমুজ প্রণালী নিয়ন্ত্রণ করছে এবং এখন তারা লোহিত সাগরের বাবুল মান্দাব প্রণালীও নিয়ন্ত্রণের চেষ্টা করছে। ইরান আইএসআইএল-এর চেয়েও বড় সমস্যা। তারা সম্ভব হলে পশ্চিম তীরকে উড়িয়ে দিত।’
ইরানের সঙ্গে ৬ জাতির প্রস্তাবিত পরমাণু চুক্তিকে খুবই খারাপ চুক্তি হিসেবে উল্লেখ করে বলেন, পরমাণু চুক্তিতে ইরানের সামরিক স্থাপনাগুলো পরিদর্শনের শর্ত অবশ্যই থাকতে হবে। ইয়ালুন বলেন, ইরান বা সিরিয়ার মাধ্যমে সন্ত্রাসী দলগুলোকে উন্নত অস্ত্র সরবরাহের সম্ভাব্য ঘটনাকে ইসরাইল তার লাল সীমানার লঙ্ঘন বলে মনে করবে। তিনি গোলানকে ইসরাইলের অংশ বলে দাবি করেন। ইসরাইল ১৯৬৭ সালে সিরিয়ার গোলান মালভূমি দখল করে। #
রেডিও তেহরান/এএইচ/৫

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন