ভারতে দলিতদের ওপর অত্যাচার বৃদ্ধি: মোদিকে চিঠি দিলেন সোনিয়া
(রেডিও তেহরান): ভারতের
বিভিন্নস্থানে দলিতদের ওপর অত্যাচার বেড়ে যাওয়ায় উদ্বেগ প্রকাশ করেছেন
জাতীয় কংগ্রেসের সভানেত্রী সোনিয়া গান্ধী। এ বিষয়ে তিনি প্রধানমন্ত্রী
নরেন্দ্র মোদিকে চিঠি লেখার পাশাপাশি সংসদে বিল পেশ করারও দাবি জানিয়েছেন।
সোনিয়ার দাবি, আগামী মাসে সংসদের বর্ষাকালীন অধিবেশনে তপসিলি জাতি-উপজাতি
(নিষ্ঠুরতা প্রতিরোধ) বিল আনতে হবে।
বিজেপি শাসিত রাজস্থান এবং মহারাষ্ট্রে
দলিতদের উপর অত্যাচার ঘটনার উল্লেখ করে কংগ্রেস সভানেত্রী জানান, ইউপিএ
সরকারের আমলে আনা অধ্যাদেশ এনডিএ শেষ করে দিয়েছে। তিনি সংসদের গত বাজেট
অধিবেশনে এ নিয়ে নতুন বিল না আনার জন্য কেন্দ্র সরকারের সমালোচনা করেন।
সোনিয়া মোদিকে লেখা চিঠিতে বলেছেন, ‘সারা
দেশে দলিতদের উপর অত্যাচার বাড়ার ঘটনা নিয়ে আপনার দৃষ্টি আকর্ষণ করতে চাই।
রাজস্থানে নাগৌর জেলায় জমি সংক্রান্ত বিবাদের জেরে এক সম্প্রদায়ের সদস্যরা
১৭ জন দলিতকে ট্রাক্টর দিয়ে পিষ্ট করেছে। এতে চার জন দলিত মারা যায় এবং
অন্যরা আহত হন। তিন মাস আগে এই জেলাতেই তিন জন দলিতকে জীবন্ত পোড়ানো হয়।’
সোনিয়া অবশ্য বলেছেন, ‘রাজস্থানই একমাত্র
রাজ্য নয়, অন্য রাজ্যতেও নৃশংস আক্রমণ হচ্ছে দলিতদের উপর। মহারাষ্ট্রের
শিরডিতে এক দলিত যুবককে আম্বেদকরের রিংটোন ব্যবহারের জন্য হত্যা করা হয়।
এসব ঘটনায় স্বচ্ছ এবং বৈষম্যহীন তদন্ত সুনিশ্চিত করে ন্যায় বিচারের
স্বার্থে অপরাধীদের আইন মোতাবেক শাস্তির ব্যবস্থা করতে হবে।’
সোনিয়া গান্ধী সোমবার মোদিকে চিঠি লেখার
আগের দিন জাতীয় সংখ্যালঘু কমিশনের চেয়ারম্যান পি এল পুনিয়া অভিযোগ করেন,
‘মোদি সরকার ক্ষমতায় আসার পর থেকে দেশে দলিতদের ওপর আক্রমণের ঘটনা বেড়ে
গেছে।’
মাদ্রাজ আইআইটিতে দলিত ছাত্র সংগঠন
‘আম্বেদকর পেরিয়ার স্টাডি সার্কেল’ বা ‘এপিএসসি’ কে নিষিদ্ধ করা প্রসঙ্গে
ক্ষুব্ধ হয়েছেন পি এল পুনিয়া। এ নিয়ে তিনি মাদ্রাজ আইআইটি কর্তৃপক্ষকে চিঠি
দিয়ে জবাব তলব করেছেন। তিনি জানান, ‘আইআইটি মাদ্রাজের ঘটনা খাটো করে দেখলে
চলবে না। চিঠির জবাব পাওয়ার পরেই কঠোর পদক্ষেপ গ্রহণ করা হবে।’
899

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন