‘বিফ পার্টি’ দেয়ায় মুসলিম বিধায়ককে পেটাল বিজেপি বিধায়করা
(রেডিও তেহরান):
জম্মু-কাশ্মিরে ‘বিফ পার্টি’ দেয়ার অভিযোগে নির্দলীয় এক মুসলিম বিধায়ককে
ব্যাপক মারধর করেছে বিজেপি বিধায়করা। বিধানসভার মধ্যেই এ ধরণের ঘটনায় তীব্র
চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। নির্দলীয় বিধায়ক ইঞ্জিনিয়ার রশিদ আজ
(বৃহস্পতিবার) বিধানসভায় ঢোকা মাত্রই তাকে সকলের সামনে মারধর করেন বিজেপি
বিধায়ক রবীন্দর রায়নাসহ অন্যরা। কংগ্রেস এবং এনসি বিধায়করা ছুটে গিয়ে
ইঞ্জিনিয়ার রশিদ আহমেদকে রক্ষা করেন।
ইঞ্জিনিয়ার রশিদ অভিযোগ করে বলেছেন,
বিজেপি বিধায়করা তাকে শুধু চড়ই মারেননি বরং লাথি, ঘুষিও মেরেছেন। তারা
আমাকে হত্যার চেষ্টা করছে।
সাবেক মুখ্যমন্ত্রী এবং এনসি নেতা ওমর
আব্দুল্লাহ এ ঘটনার তীব্র সমালোচনা করে বলেছেন, ‘এ বিষয়ে যতই নিন্দা করা
হোক, তা যথেষ্ট নয়। তিনি একে ‘অত্যন্ত নিন্দনীয়’ বলে মন্তব্য করে বলেছেন,
‘এই প্রথম হাউসের মধ্যে এ রকম আচরণ দেখলাম।’
আজ বিধানসভার কাজ শুরু হলে বিজেপি
বিধায়করা নির্দলীয় বিধায়ক ইঞ্জিনিয়ার রশিদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার দাবি
জানান। এর পরেই বিধানসভার পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে।
মারপিটের ঘটনার পরে ওই নির্দলীয় বিধায়ক সভা থেকে ওয়াকআউট করেন। এ ঘটনার প্রতিবাদে কংগ্রেস এবং এনসি বিধায়করাও অধিবেশন বয়কট করেন।
ইঞ্জিনিয়ার রশিদ জানান, ‘এটা গণতন্ত্র,
আমাদের সকলের অনুভুতিকে সম্মান জানানো প্রয়োজন। আমি চাই এ ঘটনায় দায়ী
বিধায়কদের বিরুদ্ধে স্পিকার ব্যবস্থা গ্রহণ করুন।’
রাজ্যের সাবেক মুখ্যমন্ত্রী ওমর
আব্দুল্লাহ এ ঘটনায় বিজেপিকে টার্গেট করে বলেন, ‘যদি এনসি বিধায়করা তাকে না
রক্ষা করতে এগিয়ে যেতেন তাহলে বিজেপি বিধায়করা তাকে হাউসের মধ্যেই হত্যা
করে ফেলত। ওমর বলেন, ‘আজ যেটা হয়েছে তা হজম করা অসম্ভব। এক জন মাননীয়
সদস্যকে হাউসের মধ্যেই পেটানো হল। মনে হচ্ছে ওরা রশিদকে হত্যা করতে
চেয়েছিল।’
গরুর গোশতে নিষেধাজ্ঞা প্রসঙ্গে ওমর বলেন,
‘এই বিষয়টির মধ্যে আমাদের অনুভূতিও জড়িয়ে রয়েছে। আমরা নিজেদের ধর্ম অন্যের
ওপরে চাপিয়ে দিই না। আমাদের ধর্মে মদ এবং শুয়োরের গোশত খাওয়া অমার্জনীয়
অপরাধ। তাই বলে কি যারা মদ এবং শুয়োরের গোশত যারা খায় তাদের ধরে ধরে আমরা
পেটাব?’
মুখ্যমন্ত্রী মুফতি মুহাম্মদ সাঈদ এ ঘটনার
নিন্দা করে বলেছেন, একজন বিধায়কের সঙ্গে এ ধরণের আচরণ ঠিক নয়।
উপ-মুখ্যমন্ত্রী এবং বিজেপি নেতা নির্মল সিং এ ঘটনায় দুঃখ প্রকাশ করার
পাশাপাশি বিধায়ক হোস্টেলে ‘বিফ পার্টি’র আয়োজনে অসন্তোষ প্রকাশ করেছেন।
বিধানসভার ভেতরে নজিরবিহীন এ ঘটনায় জম্মু-কাশ্মিরের রাজনৈতিক পরিবেশ
উত্তপ্ত হয়ে উঠেছে।#

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন