নিজের লেখা 'কথাঞ্জলি' নিয়ে বিদ্রুপে জর্জরিত মমতা-BBC NEWS
ভারতের
পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি তাঁর লেখা বই পড়ার জন্য
ছাত্র-ছাত্রীদের পরামর্শ দেয়ার পর এখন সোশ্যাল মিডিয়ায় বিদ্রুপ-বানে
জর্জরিত হচ্ছেন।
“মমতা ব্যানার্জিকে তাঁর লেখা ‘কথাঞ্জলি’ বইয়ের জন্য নোবেল পুরস্কার দেয়া হোক”—টুইটারে এমন বিদ্রুপও ছুঁড়ে দিয়েছেন একজন।
কোলকাতার আনন্দবাজার পত্রিকা এ নিয়ে মুখ্যমন্ত্রীকে বিদ্রুপ করে যে প্রতিবেদন ছেপেছে তার শিরোণাম “আমার বই পড়ো, ‘কুল’ থাকো, মমতার কথামালা।”
মমতা ব্যানার্জির লেখা আরেকটি বই ‘বেস্ট অব মমতা’ থেকে আনন্দবাজার পত্রিকা তাদের এই প্রতিবেদনে বেশ কিছু উদ্ধৃতিও তুলে দিয়েছে।
“উন্নত চরিত্র সভ্যতার সা-রে-গা-মা-পা”, “যখন সব সেট হয়ে গেছে, তখন আপসেট হয়ো না, এনভায়রনমেন্ট পলিউশন থেকেও মেন্টাল পলিউশন বেশি ক্ষতি করে”, “নেভার মাইন্ড ফর ব্যাকবাইটিং”—মমতা ব্যানার্জির এরকম কিছু উদ্ধৃতি।
এই বইতে তাঁর লেখা ‘কোটগুলোতে’ চোখ বোলালে জীবন অনেক সহজ হয়ে যাবে বলে দাবি করেন মমতা ব্যানার্জি।
স্কুল ছাত্র-ছাত্রীদেরকে যেভাবে পুরস্কার হিসেবে মুখ্যমন্ত্রীর বই গছিয়ে দেয়া হচ্ছে, পশ্চিমবঙ্গের বিরোধী রাজনীতিকরা তার সমালোচনা করেছেন।
বিরোধী রাজনীতিকদের উদ্ধৃত করে আনন্দবাজার লিখেছে “মমতা যে ভাবে নিজের লেখা বই বিলোচ্ছেন, প্রায় মনীষীদের মতো বাণী দিচ্ছেন, কখনও শিক্ষাগুরু কখনও বা মনোবিদের ভূমিকা নিচ্ছেন— এটা খুব মাত্রাজ্ঞানের পরিচয় নয়।”
মমতা ব্যানার্জির নামে প্রকাশিত বইয়ের সংখ্যা শতাধিক। এবারের কলকাতা বই মেলাতেই প্রকাশিত হয় তাঁর সাতটি বই। কিন্তু এসব বইয়ের কটি আসলে তাঁর নিজের লেখা, এ নিয়ে প্রশ্ন তুলেছেন তাঁর সমালোচকরা।

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন