অযোধ্যায় রামমন্দির নির্মাণে সংসদে আইন পাসের দাবি তোগাড়িয়ার
(রেডিও তেহরান): ভারতের
অযোধ্যায় রাম মন্দির নির্মাণের জন্য সংসদে আইন পাস করার দাবি জানালেন বিশ্ব
হিন্দু পরিষদের মহাসচিব প্রবীণ তোগাড়িয়া। তিনি বিশ্ব হিন্দু পরিষদ নেতা
অশোক সিঙ্ঘলের মৃত্যুতে আয়োজিত এক শোকসভায় এ দাবি জানান। তিনি বলেন, ‘অশোক
সিঙ্ঘল রাম মন্দির আন্দোলনের সমার্থক ছিলেন। তাকে প্রকৃত শ্রদ্ধা জানাতে
রাম মন্দির নির্মাণ করতে হবে।’
প্রয়াত অশোক সিঙ্ঘলকে নিয়ে আয়োজিত শোকসভায়
গুজরাটের বিজেপি মুখ্যমন্ত্রী আনন্দিবেন প্যাটেল এবং গভর্নর ও পি কোহলি
উপস্থিত থাকায় বিষয়টি অন্য মাত্রা পেয়েছে।
আজ (মঙ্গলবার) বিভিন্ন অনলাইন গণমাধ্যমে তোগাড়িয়ার দাবি সংক্রান্ত সংবাদ প্রকাশিত হয়েছে।
প্রবীণ তোগাড়িয়া বলেন, ‘আমরা দাবি করছি
মন্দির নির্মাণের জন্য সরদার প্যাটেলের পদ্ধতি অনুসরণ করতে হবে। সোমনাথ
মন্দির নির্মাণের জন্য সরদার প্যাটেল কারো সঙ্গে আলাপ আলোচনা করতে যাননি
কিংবা আদালতের আদেশেরও অপেক্ষা করেননি। বরং তিনি সংসদে প্রস্তাব
এনেছিলেন।’
তিনি বলেন,‘ওইভাবেই বর্তমান সংসদে রাম
মন্দির নির্মাণের জন্য আইন পাস করতে হবে।’ প্রবীণ তোগাড়িয়া এ রকম দাবি
জানালেও বর্তমানে এ বিষয়টি সুপ্রিম কোর্টে রয়েছে।
গত ১৭ নভেম্বর বিশ্ব হিন্দু পরিষদ নেতা
অশোক সিঙ্ঘল রোগভোগের পর মারা যান। উগ্র হিন্দুত্ববাদী এই নেতার মৃত্যুতে
গভীর শোক প্রকাশ করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি তার ‘ব্যক্তিগত বিশাল
ক্ষতি’ বলে মন্তব্য করেন।
অশোক সিঙ্ঘলের মৃত্যুতে ‘অযোধ্যায় রাম
মন্দির নির্মাণের জন্য ওর ইচ্ছাকে অবশ্যই পূরণ করা হবে’ বলে মন্তব্য করেন
প্রবীণ তোগাড়িয়া। বস্তুত ঝিমিয়ে পড়া রাম মন্দির ইস্যুটি পুনরায় জাগিয়ে
তুলতে তোগাড়িয়া নয়া মিশন শুরু করেছেন বলে বিশ্লেষকরা মনে করছেন।#
রেডিও তেহরান/এমএএইচ/জিএআর/২৪

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন