দিল্লি:
পাকিস্তানের তিন জঙ্গি সংগঠনকে দিয়ে ভারতে হামলা করানোর ছক কষছে সেদেশের
গুপ্তচর সংস্থা আই এস আই। গোটা দেশের সতর্কতা জারি করল ভারতীয় গোয়েন্দা
সংস্থা। লস্কর–ই–তইবা, হিজবুল মুজাহিদিন আর জৈশ–ই–মহম্মদ— এই তিন সংগঠনের
৩০ জন সদস্যকে হামলার প্রশিক্ষণও দেওয়া হচ্ছে। সেজন্য পেশোয়ার থেকে পাক
অধিকৃত কাশ্মীরে আনা হয়েছে এই জঙ্গিদের। প্রশিক্ষণের নেতৃত্বে রয়েছেন আই এস
আই আধিকারিক শওকত খান বলে জেনেছেন ভারতীয় গোয়েন্দারা। আর কিছুদিনের মধ্যেই
বরফ পড়ে বন্ধ হবে নিয়ন্ত্রণ রেখা। তার আগেই এই জঙ্গিদের ভারতে অনুপ্রবেশ
করানোর পরিকল্পনা রয়েছে আই এস আই–এর। লস্কর, জৈশ এবং হিজবুল— পাকিস্তানের
এই তিন জঙ্গি সংগঠনের কাজে বরাবরই মদত জোগায় আই এস আই। ২৬/১১ মুম্বই হামলা,
২০০০ সালে লালকেল্লা, ২০০১ সালে সংসদ এবং ২০১১ সালে দিল্লি হাইকোর্টে
আক্রমণ চালায় এই তিনটি জঙ্গি সংগঠন
। সেখানেও বড়সড় ভূমিকা নিয়েছিল আই এস আই।
এদের মধ্যে জৈশ–ই–মহম্মদ অতীতে আই এস আই–এর হয়ে নিয়মিত কাজ করত। কিন্তু
প্রাক্তন সেনাপ্রধান তথা প্রেসিডেন্ট পারভেজ মুশারফের ওপর হামলা চালানোর পর
আই এস আই–এর সঙ্গে দূরত্ব তৈরি হয়েছিল তাদের। ২০০৮ সালের পর থেকে তাই তারা
আফগানিস্তানে নিজেদের জাল বিস্তার শুরু করে। ২০১৩ সালে তাদের কমান্ডার
কারি ইয়াসিরের মৃত্যু পর দুর্বল হয়ে পড়ে সংগঠন। এবার সেই জৈশকেও ফের দলে
টানছে আই এস আই বলে খবর। তার পরই ফের কাশ্মীরে সক্রিয় হয়ে উঠেছে এই জঙ্গি
সংগঠন। বুধবার কুপওয়ারার সেনা ছাউনিতে হামলা চালিয়ে নিজেদের সেই সক্রিয়তাই
জাহির করল জৈশ।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন