আনসারুল্লাহ আল কায়দার ঘনিষ্ঠ ভাবশিষ্য: পুলিশ
বাংলাদেশে গোয়েন্দা পুলিশের মুখপাত্র বলেছেন জঙ্গি গোষ্ঠী আনসারুল্লাহ
বাংলা টিমের সাথে আল কায়দার প্রাতিষ্ঠানিক যোগাযোগের বিষয়টি এখনো
অনিশ্চিত তবে এরা আল কায়দার ঘনিষ্ঠতম
ভাবশিষ্য।সোমবার এক সংবাদ সম্মেলনে গোয়েন্দা পুলিশের কর্মকর্তা মনিরুল ইসলাম আরো বলেন, তাদের দৃঢ় বিশ্বাস ব্লগার অভিজিৎ রায়কে এই জঙ্গি গোষ্ঠীই হত্যা করেছে।
মি ইসলাম জানান, সন্দেহভাজন যে পাঁচজনতে তারা চিহ্নিত করেছেন, তারা সবাই আনসারুল্লাহ বাংলা টিমের সাথে জড়িত।
তিনি বলেন, পুলিশের কাছে প্রমাণ আছে এরাই ব্লগার রাজীব হায়দার সহ আরো কিছু হত্যাকান্ডের সাথে জড়িত।
ভারতীয় উপমহাদেশ আল কায়দা বা একিউআইএস নামে আলকায়দার সাথে সংশ্লিষ্ট একটি সংগঠন অভিজিৎ রায়কে হত্যার দায় স্বীকার করেছে -- রোববারের এমন একটি খবরের পরিপ্রেক্ষিতে ঐ সংবাদ সম্মেলনের আয়োজন করে গোয়েন্দা পুলিশ।
জঙ্গি গ্রুপের অনলাইন তৎপরতার ওপর নজর রাখে যুক্তরাষ্ট্রভিত্তিক এরকম একটি ওয়েবসাইট ‘সাইট’ এই খবর দেয়।
বার্তা সংস্থা এএফপি বলছে, একিউআইএসের নেতা অসীম ওমর এক ভিডিও বার্তায় অভিজিৎ রায়কে হত্যা করার কথা স্বীকার করেছেন বলে সাইটে বলা হয়েছে।
বাংলাদেশে পুলিশের বিশেষ বাহিনী র্যাবের একজন মুখপাত্র গতকালই (রোববার) বলেছেন, এই দাবির বিষয়ে তারা নিশ্চিত নন এবং তাদের কাছে এসংক্রান্ত কোনো তথ্য নেই।
'আল-কায়দার ক্লেজেস্ট রিলেটিভ'
গোয়েন্দা পুলিশের মনিরুল ইসলাম বলেন, আনসারুল্লাহ বাংলা টিমের সাথে আল কায়দা বা আল কায়দার সাথে সংশ্লিষ্ট কোনো গোষ্ঠীর প্রাতিষ্ঠানিক যোগাযোগ থাকা নিয়ে পুলিশের কাছে কোনো প্রমাণ এখনো নেই।
"তবে তারা আল কায়দার ঘণিষ্ঠতম আত্মীয়, আল কায়দার মতাদর্শ তারা অনুসরণ করে।"
ঢাকায় গত ফেব্রুয়ারি মাসে রাতের বেলা বই মেলা থেকে ফেরার পথে অভিজিৎ রায়কে কুপিয়ে হত্যা করা হয়।
এসময় তার স্ত্রীও গুরুতর আহত হন।
এর আগে আনসারুল্লাহ বাংলা টিম টুইটারে এক বার্তায় অভিজিৎ রায়কে হত্যা করার কথা দাবি করেছিলো।
অভিজিত রায়ের পর ঢাকায় আরো একজন ব্লগার ওয়াশিকুর রহমানকে কুপিয়ে হত্যা করা হয়।
তাকে হত্যা করার অভিযোগে গত মার্চ মাসে মাদ্রাসার দু’জন ছাত্রকে আটক করা হয়েছে।

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন