ইরাককে বিভক্ত করতে মার্কিন বিল: আবাদির তিরস্কার
৩ মে (রেডিও তেহরান): ইরাককে তিনটি
রাজ্যে বিভক্ত করার জন্য মার্কিন কংগ্রেসে বিতর্কিত বিল তোলায় ওবামা
প্রশাসনকে তিরস্কার করেছেন ইরাকের প্রধানমন্ত্রী হায়দার আল-আবাদি। তিনি
মার্কিন ভাইস প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে টেলিফোন সংলাপে এ নিয়ে
উদ্বেগও প্রকাশ করেছেন। আবাদি বলেছেন, এ ধরনের পরিকল্পনা শুধু ইরাককে
দুর্বলই করবে।
আগামী প্রতিরক্ষা বাজেটের খসড়ায় মার্কিন
সরকার ইরাককে তিনটি রাজ্যে বিভক্ত করার পরিকল্পনা করেছে বলে গত ২৭ এপ্রিল
খবর বের হয়। মার্কিন কংগ্রেসের আর্মড সার্ভিসেস কমিটি এ পরিকল্পনা প্রকাশ
করেছে। এতে বলা হয়েছে, মার্কিন সরকারের উচিত- নতুন করে কুর্দি ও সুন্নি
রাষ্ট্রের স্বীকৃতি দেয়া। এছাড়া, সন্ত্রাসী গোষ্ঠী আইএসআইএল’র বিরুদ্ধে
লড়াইয়ে মার্কিন সরকার ইরাককে যে ৭১.৫কোটি ডলার অর্থ দেয়ার পরিকল্পনা নিয়েছে
তার অন্তত শতকরা ২৫ ভাগ কুর্দি ও সুন্নি রাষ্ট্রকে দেয়ার আহ্বান জানানো
হয়েছে। ওই বাজেট পরিকল্পনায় বলা হয়েছে- প্রয়োজনে মার্কিন অর্থের শতকরা ৬০
ভাগ কুর্দি ও সুন্নি রাষ্ট্রকে দেয়া যেতে পারে।
এর আগে, বাগদাদে নিযুক্ত মার্কিন
রাষ্ট্রদূত স্টুয়ার্ট জোন্সের সঙ্গে বৈঠকের সময় গতকাল (শনিবার) ইরাকের
স্বরাষ্ট্রমন্ত্রী মুহাম্মাদ সালেম আল-গাব্বান আমেরিকার ওই বিলের বিরুদ্ধে
হুঁশিয়ারি উচ্চারণ করেছেন। তিনি বলেছেন, এ বিল হচ্ছে আইএসআইএল সন্ত্রাসী
গোষ্ঠীর বিরুদ্ধে লড়াইয়ের ক্ষেত্রে মারাত্মক হুমকি।#

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন