ভারতের হুকুমে আমরা কাউকে গ্রেফতার করতে পারি না: ইমরান খান
(রেডিও তেহরান): পাকিস্তানের সাবেক ক্রিকেটার এবং তেহরিক-ই-ইনসাফ প্রধান ইমরান খান বলেছেন, ভারতের হুকুমে আমরা কাউকে গ্রেফতার করতে পারি না। হাফিজ সাঈদের বিরুদ্ধে পদক্ষেপ গ্রহণ প্রসঙ্গে এক প্রশ্নের উত্তরে এ মন্তব্য করেন তিনি। ভারতের ‘আজতক’ টিভি চ্যানেল আয়োজিত ‘সিধি বাত’ অনুষ্ঠানে এক সাক্ষাৎকারে ইমরান খান বলেন, ‘যদি কাউকে অপরাধী সাব্যস্ত করতে হয় কিংবা কাউকে গ্রেফতার করতে হয় তাহলে তার বিরুদ্ধে প্রমাণ সংগ্রহ করা প্রয়োজন।’ ভারত-পাকিস্তান সম্পর্ক এবং সংলাপ প্রসঙ্গে ইমরান খান বলেন, ‘কেউ এটা বলতে পারে না সংলাপ কতদূর পৌঁছাবে। এর আগেও আলোচনা এগিয়েছিল কিন্তু তারপর কিছু না কিছু একটা হয়ে যায়। আমি আল্লাহ্র কাছে দোয়া চাই দুই দেশের মধ্যে সম্পর্ক উন্নত হোক।’ ইমরান খানকে প্রশ্ন করা হয়, যখন ভারত থেকে বন্ধুত্বের হাত বাড়ানো হয় তখন ওখান থেকে (পাকিস্তান) গুলি ছোড়া হয়। জবাবে ইমরান বলেন, ‘হতে পারে এখানকার মানুষ এরকম ভাবছে কিন্তু পাকিস্তান মনে করে যতক্ষণ কাশ্মির নিয়ে আলোচনা না হবে এবং তার সমাধান না হবে ততক্ষণ শান্তি স্থাপিত হতে পারে না।’ তিনি বলেন, দুই দেশের মধ্যে খুব কম সংখ্যক মানুষ আছেযারা চায় না সম্পর্ক উন্নত হোক। কিন্তু সাধারণ মানুষ দুই দেশের মধ্যে উন্নত সম্পর্কই চায়। এ সব নেতৃত্বের অভাব। আলোচনার মধ্যে যদি সামান্য বিপত্তিও আসে তাহলে সমস্ত প্রক্রিয়া থেমে যায়, এটা কোথাকার যৌক্তিকতা।’ ইমরান বলেন, ‘সীমান্ত নিয়ে দুই দেশের মধ্যে ভিন ভিন্ন ধরণের ধারণা রয়েছে। দুই দেশের নেতাদের নিঃশব্দে সাক্ষাৎ করার কি প্রয়োজন রয়েছে? তাদের মানুষদের বোঝানো প্রয়োজন যে সম্পর্ক উন্নত হলে কি ফায়দা হবে। দুই দেশেরই বড় সমস্যা দরিদ্রতা। আমরা চাই ভারতের সঙ্গে বাণিজ্য শুরু হোক।’ ভারতের প্রধানমন্ত্রী মোদিকে পরামর্শ দিয়ে ইমরান খান বলেছেন, ‘যেভাবে মোদি ম্যান্ডেট পেয়েছেন তাতে তার প্রতি মানুষের প্রত্যাশাও বেড়েছে। মোদি ম্যান্ডেট পাওয়ার পর এখন তার নীতি পরিবর্তন করে নেয়া উচিত, যেরকম অটলবিহারী বাজপেয়ী করেছিলেন। যখন অটলবিহারী বাজপেয়ী প্রধানমন্ত্রী হয়েছিলেন, পাকিস্তানে ভয়ের পরিবেশ সৃষ্টি হয়েছিল, কি হতে পারে তাই ভেবে। কিন্তু তিনিই প্রথম বন্ধুত্বের হাত বাড়িয়ে দিয়েছিলেন। আমার মনে হয় সে সময় পাকিস্তানের ভুলের জন্য সংলাপ ব্যর্থ হয়েছিল।’ দুই দেশের মধ্যে ক্রিকেট সিরিজ প্রসঙ্গে ইমরান বলেন, অবশ্যই এই সিরিজ হওয়া উচিত। সারা বিশ্বের মানুষ এ জন্য অপেক্ষা করে রয়েছে বলেও মন্তব্য করেন ইমরান।# রেডিও তেহরান/এমএএইচ/এআর/১৪

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন