স্বল্পপাল্লার পরমাণু অস্ত্র নিয়ে পাকিস্তানের সঙ্গে আলোচনা করল আমেরিকা
(রেডিও তেহরান):
পাকিস্তান এবং আফগানিস্তান বিষয়ক মার্কিন বিশেষদূত রিচার্ড ওলসন বলেছে,
ইসলামাবাদের সঙ্গে বেসামরিক পরমাণু সহযোগিতা নিয়ে কোনো আলোচনা করছে না
ওয়াশিংটন। তবে, পাকিস্তানের স্বল্পপাল্লার পরমাণু অস্ত্র নিয়ে আলোচনা হয়েছে
বলে জানান তিনি।
ওলসন বলেন, পাকিস্তানি স্বল্পপাল্লার পরমাণু অস্ত্র নিয়ে আমেরিকার উদ্বেগ রয়েছে এবং এ বিষয়ে আলোচনা হয়েছে। পরমাণু
অস্ত্রের বিরুদ্ধে উগ্রবাদী এবং সন্ত্রাসীদের হামলার বিষয়ে পাকিস্তান উচ্চ
মাত্রায় সচেতন বলে উল্লেখ করেন তিনি। ওলসন বলেন, পরমাণু অস্ত্র রক্ষায় পাকিস্তানের হাতে পেশাদার এবং দক্ষ নিরাপত্তা বাহিনী রয়েছে।
পাকিস্তানের সঙ্গে আমেরিকার সব বিষয়ে ঐকমত্য নেই স্বীকার করে তিনি বলেন, মার্কিন জাতীয় নিরাপত্তার জন্য পাকিস্তানের সঙ্গে সম্পর্ক খুবই প্রয়োজনীয়।
চারদিনের ব্যবধানে পাকিস্তান দ্বিতীয় দফা ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালানোর পর রিচার্ড ওলসনের বক্তব্য প্রকাশিত হলো।
বর্তমানে
পাকিস্তানের কাছে ছয় ধরণের পরমাণু বোমাবাহী ক্ষেপণাস্ত্র রয়েছে। এছাড়া,
দেশটি আরো দু’টি ক্ষেপণাস্ত্র তৈরি করছে। এসব ক্ষেপণাস্ত্র স্বল্পপাল্লার
হবে বলে এর আগে মার্কিন বুলেটিন অব অ্যাটোমিক সায়েন্টিস্টের প্রতিবেদনে
উল্লেখ করা হয়েছে। প্রতিবেদনে আরো দাবি করা হয়েছে, 'ভারতীয় আগ্রাসন’ এবং
‘আধিপত্য’ ঠেকানোর জন্য স্বল্পপাল্লার পরমাণু বোমাবাহী ক্ষেপণাস্ত্র তৈরি
করছে পাকিস্তান।#
রেডিও তেহরান/সমর/এসআই/১৮

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন