বাবরী মসজিদ পুনর্নির্মাণের দাবি জানাল সংখ্যালঘু যুব ফেডারেশন
(রেডিও তেহরান):
পশ্চিমবঙ্গে সংখ্যালঘু মুসলিমদের অন্যতম সংগঠন ‘সারা বাংলা সংখ্যালঘু যুব
ফেডারেশন’-এর পক্ষ থেকে বাবরী মসজিদ পুনর্নির্মাণের দাবি জানানো হয়েছে। ৬
ডিসেম্বর (রোববার) বাবরী মসজিদ ধ্বংসের দিনটিকে স্মরণ করতে সংগঠনের পক্ষ
থেকে সাম্প্রদায়িকতা বিরোধী দিবস হিসেবে পালন করা হয়। এ উপলক্ষে
পশ্চিমবঙ্গের উত্তর ২৪ পরগণা জেলার বসিরহাটে আজ ‘সাম্প্রদায়িকতা বিরোধী
সভা’ অনুষ্ঠিত হয়।
সমাবেশের প্রধান বক্তা ছিলেন ‘সারা বাংলা
সংখ্যালঘু যুব ফেডারেশন’-এর রাজ্য সাধারণ সম্পাদক মুহাম্মদ কামরুজ্জামান।
তিনি আজ সন্ধ্যায় রেডিও তেহরানকে জানান, ‘অযোধ্যায় বাবরী মসজিদ
পুনর্নির্মিত হলে দেশে সেক্যুলারিজমের জয় হবে। তাই সংখ্যালঘু যুব
ফেডারেশনের পক্ষ থেকে বাবরী মসজিদের পুনর্নির্মাণের দাবি জানানো হয়েছে।
এজন্য আজ ৬ ডিসেম্বর দিনটিকে সাম্প্রদায়িকতা বিরোধী দিবস হিসেবে পালন করে
বসিরহাটে মহকুমা প্রশাসকের দফতরের সামনে এক সমাবেশ করা
হয়।’
মুহাম্মদ কামরুজ্জামান বলেন, ‘দেশের
ধর্মনিরপেক্ষ রাজনৈতিক দলের পক্ষ থেকে বাবরী মসজিদের পুনর্নির্মাণের দাবি
না করে ৬ ডিসেম্বর রাস্তায় নেমে সভা করা অর্থহীন। এতে সংখ্যালঘুদের
মনতুষ্টি হলেও আখেরে সেক্যুলার মতাদর্শের এবং দেশের কোনো সামগ্রিক কল্যাণ
হয় না।’
সমাবেশে সংগঠনটির উত্তর ২৪ পরগণা জেলা
প্রেসিডেন্ট এবং বসিরহাট কোর্টের আইনজীবী আব্দুল হান্নান দেশে যেভাবে
অস্থিরতা বাড়ছে এবং কেন্দ্রে ক্ষমতাসীন দল যেভাবে ঘৃণার রাজনীতি ছড়াচ্ছে
তার প্রতিবাদ জানানোর পাশাপাশি উত্তর প্রদেশের দাদরিতে উগ্র ধর্মান্ধদের
হাতে নিহত মুহাম্মদ আখলাকের হত্যায় জড়িতদের গ্রেফতার করে তাদের বিরুদ্ধে
আইনি ব্যবস্থা গ্রহণের দাবি জানান।
আইনজীবী অরিন্দম গোলদার তার বক্তব্যে বলেন, বাবরী মসজিদ ভেঙে সমস্ত মুসলিমদের হৃদয়ে আঘাত দেয়া হয়েছে। এটা চূড়ান্ত নিন্দনীয়।
আজ ওয়েলফেয়ার পার্টি অব ইন্ডিয়ার রাজ্য
মিডিয়া কো-অর্ডিনেটর মোকতার হোসেন মণ্ডল জানান, বাবরী মসজিদ ধ্বংসকারীদের
শাস্তির দাবিতে দলের নদীয়া জেলা শাখার পক্ষ থেকে পন্ডিতপুরে এক সভা করা
হয়েছে। তিনি বলেন, বাবরী মসজিদ ধ্বংসের ২৩ বছর বাদেও অপরাধীরা শাস্তি
পায়নি, এটা চরম বিস্ময়কর ঘটনা। #
রেডিও তেহরান/এমএএইচ/আরএইচ/৬

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন