বিমানঘাঁটিতে সন্ত্রাসী হামলার যোগ্য জবাব দেয়া হবে: রাজনাথ সিং
(রেডিও তেহরান): পাঞ্জাবের
পাঠানকোট বিমানঘাঁটিতে সন্ত্রাসী হামলার পরিপ্রেক্ষিতে কেন্দ্রীয়
স্বরাষ্ট্রমন্ত্রী হুঁশিয়ারি দিয়ে বলেছেন, ‘সন্ত্রাসী হামলার যোগ্য জবাব
দেয়া হবে।’ রাজনাথ আজ সকালে সংবাদসংস্থা এএনআইকে দেয়া সাক্ষাৎকারে বলেছেন,
‘আজ ভোর তিনটায় পাঠানকোটে হামলা হয়েছে।
সেনা
জওয়ান, এনএসজি এবং পাঞ্জাবের পুলিশ তাদের যোগ্য জবাব দিচ্ছে। পাকিস্তান
আমাদের প্রতিবেশী দেশ তা আমরা জানি। শুধু পাকিস্তানই নয়, সমস্ত প্রতিবেশী
দেশের সঙ্গেই আমরা ভাল সম্পর্ক হওয়া উচিত। আমরা শান্তিও চাই। কিন্তু ভারতের
উপর যেকোনো ধরণের সন্ত্রাসী হামলা হলে তার যথাযথ জবাব দেয়া হবে। আমি খুব
খুশি, আমাদের নিরাপত্তা বাহিনী, সেনা জওয়ান, আমাদের প্যারা মিলিটারি
ফোর্সের জওয়ান, পাঞ্জাব পুলিশ পাঠানকোটের ঘটনায় যোগ্য জবাব দিচ্ছে।’ সেনা
এবং নিরাপত্তা এজেন্সিকে নিয়ে দেশ গর্বিত বলেও জানান রাজনাথ।
পাঠানকোটে
সন্ত্রাসী হামলার ঘটনা প্রসঙ্গে জম্মু-কাশ্মিরের সাবেক মুখ্যমন্ত্রী ওমর
আব্দুল্লাহ বলেছেন, ‘প্রধানমন্ত্রী মোদির সাহসী পাকিস্তান কৌশলের কাছে এটাই
প্রথম বড় চ্যালেঞ্জ।’ ‘সন্ত্রাস এবং আলোচনা’ একসঙ্গে চলতে পারে না বলে
বিজেপি আগে যে বিবৃতি দিয়েছিল, দলটি তা থেকে সরে এসেছে বলেও মন্তব্য করেছেন
ওমর আব্দুল্লাহ।
এদিকে,
বিমানঘাঁটিতে সন্ত্রাসী হামলার মতো চাঞ্চল্যকর ঘটনার পরিপ্রেক্ষিতে এ ঘটনার
তদন্তে নেমেছে জাতীয় তদন্ত সংস্থা এনআইএ। নিরাপত্তা এজেন্সিরা চেষ্টা
চালাচ্ছে হামলার সঙ্গে সংশ্লিষ্ট তথ্য প্রমাণ যাতে নষ্ট না হয়।
প্রতিরক্ষামন্ত্রী মনোহর পার্রিকার গোয়া থেকে দিল্লির উদ্দেশ্যে রওয়ানা
হয়েছেন। প্রতিরক্ষামন্ত্রী পার্রিকার সমস্ত ঘটনা মনিটর করছেন।
এদিকে,
উধমপুর, গুরুদাসপুরের পর এবার পাঠানকোট অর্থাৎ ছয় মাসের মধ্যে এটি তৃতীয়
সন্ত্রাসী হামলা হওয়ায় নয়াদিল্লির সর্বোচ্চ মহলে ব্যাপক আলোড়ন এবং তৎপরতা
সৃষ্টি হয়েছে। পাকিস্তান সীমান্ত থেকে মাত্র ১৫ কিলোমিটার দূরে সন্ত্রাসী
হামলার এ ঘটনা বিশেষ মাত্রা পেয়েছে। বিমানবাহিনীর সদর দফতরে এ নিয়ে জরুরি
ভিত্তিতে গুরুত্বপূর্ণ বৈঠক চলছে।#
রেডিও তেহরান/এমএএইচ/জিএআর/২

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন